‘আলাদিনের গ্রামে’ নিয়ে আলাপচারিতা অনুষ্ঠিত

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:৩৫ পিএম

কবি আলতাফ শাহনেওয়াজের চতুর্দশপদী কাব্যগ্রন্থ ‘আলাদিনের গ্রামে’ কবিতার বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে এ উপলক্ষে কবি সাজ্জাদ শরিফ, সুমন রহমান, শামীম রেজা, মোহাম্মদ আজম ও মাহবুব মোর্শেদ বইটি নিয়ে আলাপচারিতায় অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, বইটি ২০১৬ সালে চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল। পরে দুটি সংস্করণ পাঠক মহলে সমাদৃত হয়। এবার নবরূপে বইটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী।

কবি সাজ্জাদ শরিফ বলেন, ‘আরব্য রজনী থেকে বইটির নাম নিলেও এই বইটির কবিতার মধ্যে বাঙালি আলাদিনের স্বাদ আছে। বাংলার জমিনের মতো ছড়ানো কবিতা আছে। কবিতার মধ্য দিয়ে অসাধারণ চিত্রকল্প তৈরি করে।’

কবি শামীম রেজা বলেন, ‘বইটির কবিতায় এক নতুন ধারার শান্ত ভাষা আছে।’

কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেন, ‘বইটির পুনঃ মুদ্রণে বিস্মিত হয়েছি। আমাদের এখানে কবিতার পাঠক নেই, এমন একটি ধারণা প্রচলিত আছে। অথচ ‘আলাদিনের গ্রামে’ বইটির দুইটি সংস্করণ শেষ হওয়ার পর এখন আবার নবরূপে প্রকাশ হয়েছে। এটা আনন্দের খবর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত