তসলিমাকে তাড়াতে না পারায় ‘পদ্মভূষণ’ নিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৪:৫৭ পিএম

ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার এই সম্মাননা প্রত্যাখ্যান নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে। সর্বভারতীয় বিজিপির সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, বামপন্থীরা তাকে এই পদক নিতে দেননি।

এবার পদক না নেয়ার কারণ জানালেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

বুধবার তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি মন্তব্য করেন, তাকে পুরোপুরি তাড়াতে না পারার জন্যই নাকি এই পুরস্কার নেননি বুদ্ধদেব ভট্টাচার্য।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘এক পরিচিত লোক ফোন করে বলল, ‘বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পেয়েছেন তোমার বই নিষিদ্ধ করার জন্য আর তোমাকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য।’

আমি বললাম, ‘কী সব আজেবাজে কথা বলছ!’

লোকটি বলল, ‘উনি পুরস্কার নেবেন না জানিয়ে দিয়েছেন’।

আমি বললাম, ‘ও মা, কেন?’

পাল্টা বলল, ‘অনেক চেষ্টা চরিত্তির করেও তোমাকে ভারত থেকে পাকাপাকি ভাবে বের করতে না পারার ব্যর্থতার জন্য।’ তারপর আমি বললাম, ‘তোমার মাথাটা গেছে।’ তারপরেই ফোন রেখে দিলাম।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বসবাসরত তসলিমা নাসরিনের বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ হয়েছিল বামপন্থীরা ক্ষমতায় থাকার সময়ে। মৌলবাদীদের আক্রমণের জেরে কলকাতাও ছাড়তে হয়েছিল তাকে।

যদিও পরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে কোনো বই নিষিদ্ধ করার বিরুদ্ধে। তবে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন এই সিদ্ধান্ত নিতেই হত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত