লিটল ম্যাগাজিন সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঙ্গলবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন হয়। লিটল ম্যাগাজিনের আট শতাধিক সংখ্যা নিয়ে ১-৭ ফেব্রুয়ারি ২০২২ জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে ৮ জন লিটল ম্যাগাজিন সম্পাদকের সম্মাননা তুলে দেওয়া হয়। যার মধ্যে আছে শহীদ ইকবাল সম্পাদিত ‘চিহ্ন’; আবদুল মান্নান স্বপন সম্পাদিত ‘ধমনি’; এজাজ ইউসুফী সম্পাদিত ‘লিরিক’; মিজানুর রহমান নাসিম সম্পাদিত ‘মননরেখা’ এবং ওবায়েদ আকাশ সম্পাদিত ‘শালুক’।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি লিটল ম্যাগাজিনকে সম্মাননার জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে আছে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী থেকে প্রকাশিত আসাদ সরকার সম্পাদিত ‘মহাকালগড়’; জেলা শিল্পকলা একাডেমি সিলেট থেকে প্রকাশিত অসিত বরণ দাশ গুপ্ত সম্পাদিত ‘সুরমাকপোত’ এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘আরণ্যক’।
সম্মাননার জন্য লিটলম্যাগাজিন নির্বাচনের দায়িত্ব পালন করেন লেখক-গবেষক মফিদুল হক, অনুবাদক ও সাহিত্যিক অধ্যাপক আবদুস সেলিম এবং কবি ও অধ্যাপক খালেদ হোসাইন । সম্মাননা হিসেবে কেন্দ্রীয় পাঁচটি লিটলম্যাগ সম্পাদককে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত তিনটি লিটল ম্যাগাজিন সম্পাদককে পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন সৈকত হাবিব। আলোচক ছিলেন অমিত্রাক্ষর সম্পাদক আমিনুর রহমান সুলতান, লোক সম্পাদক অনিকেত শামীম। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব আছাদুজ্জামান। সভাপতিত্ব করেন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সৌম্য সালেক। অনুষ্ঠানে একাডেমির নৃত্য শিল্পীরা ‘শুভেচ্ছা ভালোবাসা’ এবং 'সহজ মানুষ' নৃত্য পরিবেশন করেন।
