অনুষ্ঠিত হলো রোদেলা নীলার নতুন গল্পগুচ্ছ ‘গল্পগুলো কাল্পনিক নয়’ গ্রন্থের পাঠ উন্মোচন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুক্রবার বিকেলে অনুষ্ঠানটি আয়োজন করে কারুবাক প্রকাশনী, সার্বিক ব্যবস্থাপনায় ছিল এভারগ্রিন’ ৯২ প্রপার্টিজ লিমিটেড কোম্পানি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক বাংলা একাডেমি কবি মুহাম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এভারগ্রিন’ ৯২ প্রপার্টিজ লিমিটেড কোম্পানির চেয়ারম্যান স্থপতি মিজানুর রহমান, লেখক ও প্রথম আলোর সাংবাদিক সাইদুজ্জামান রওশন, কথাসাহিত্যিক ঝর্না রহমান, রোদসী মাসিক ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক সাবিনা ইয়াসমীন এবং ছড়াকার ও শিশু সাহিত্যিক আনজীর লিটন।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী সাফিয়া খন্দকার রেখা। ‘গল্পগুলো কাল্পনিক নয়’ থেকে তিনটি গল্প নিয়ে আলোচনা করেন কথা সাহিত্যিক ঝর্না রহমান, বইটির নামকরণ সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন।
বিগত দিনের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন ছড়াকার আনজির লিটন, কিছু সময়ের জন্য কবি মুহাম্মদ নূরুল হুদা স্মৃতিতে হারিয়ে যান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ। বই নিয়ে আলোচনা করেন রেড টাইমসের প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব। উপস্থিত দর্শকেরাও কবিতা-গান পরিবেশন করেন।
