নিজেকে বইমজুর পরিচয় দিতেই বেশি আনন্দ পান স্বপন মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় নিজ বাড়িতে গড়েছেন ‘গুঞ্জন’ নামে একটি পাঠাগার। এই পাঠাগার পরিচালনার পাশাপাশি কবিতা ও ছড়া লেখার চর্চা করেন তিনি।
একুশের বইমেলায় জাগৃতি প্রকাশনী এনেছে স্বপন মিয়ার নতুন কাব্যগ্রন্থ ‘ভুল মিছিল ভুল ভালোবাসা’। প্রচ্ছদ এঁকেছেন লিটন হালদার। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা।
তরুণ এই লেখক বলেন, ‘চারদিকে মিছিল! মিছিল প্রেমের। মিছিল দ্রোহের। মিছিল বাড়ছে। বাড়ছে সংকটের পারদ। মানুষের অধিকার আদায়ে এককাট্টা সবাই। কিন্তু মিছিলে মানুষ নেই! মৌসুমী জোয়ার চলছে ভালোবাসায়। সবুজ ঘাসের মতো সুযোগ পেলেই পত্রপল্লবে আন্দোলিত করছে হৃদয়ের হরিৎ উপত্যকা। কিন্তু প্রেমের মোড়কে বাজারে হরদম চলছে অপ্রেমিকের পাশাখেলা। হাজার এক রাত পাড়ি দিয়ে অবশেষে জানলাম এ সবই ভুল! ‘ভুল মিছিল ভুল ভালোবাসা’!’
