কবি, লেখক মৃদুল মাহবুবের অনুবাদে প্রথমবারের মতো বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে হাইম শাপিরার বই। ‘সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়’ নামের বইটির প্রকাশক বৈভব, প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
হাইম শাপিরা ১৯৬২ সালে লিথুনিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে স্থায়ীভাবে ইসরায়েলে অভিবাসী হন। বর্তমানে তিনি গণিত, মনোবিজ্ঞান, দর্শন ও সাহিত্য পড়ান তেল আবিব বিশ্ববিদ্যালয়ে। সাতটি বেষ্টসেলিং বইয়ের লেখক তিনি। তার বই অনূদিত হয়েছে ইংরেজি, জার্মান, ইতালি, পর্তুগিজ, রুশ ও কোরিয়ান ভাষায়। তার লেখার লক্ষ্য হলো পাঠককে নিজের সাথে একমত করানো নয়, বরং পাঠককে নতুন কিছু চিন্তা করতে সাহায্য করা। বক্তা হিসেবে হাইম শাপিরা ইসরায়েলে তুমুল জনপ্রিয়। সৃজনশীলতা ও কৌশলগত চিন্তা-পদ্ধতি, অস্তিত্ববাদী দর্শন, শিশুসাহিত্যে দর্শন, সুখ ও আশাবাদ, যুক্তিহীনতা ও পাগলামি, কল্পনা ও অর্থের অর্থ, বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে তিনি বলতে পছন্দ করেন। এর বাইরে তিনি একজন বিখ্যাত পিয়ানোবাদক এবং সংগ্রাহক।
‘সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়’ বইয়ের ভূমিকায় হাইম শাপিরা জানান, শত শত বছর হলো অগণিত মানুষ তার অস্তিত্বকে বোঝার জন্য ধ্যান করছে। এই বই প্রকারান্তরে সেই মহাপ্রশ্নের উত্তর অনুসন্ধানের দিকেই যাত্রা। এখানে আমি নানা ঘরানা, বিশ্বাস, বয়স ও সময়ের প্রাজ্ঞ চিন্তক, সাধু-সন্তকে একত্র করেছি শুধু এই বিষয়ে তাদের ভাবনা ও চিন্তাকে বোঝার জন্য।
তিনি বলেছেন, জীবনের মানে কী, এর ওপর নানা রকম কুইজ আছে এখানে। জীবনে সংখ্যার ভূমিকা কেন ব্যাপক? তলস্তয়ের জীবনে সুখী হওয়ার জন্য তার কত জমির দরকার ছিল, সেটা মেপে দেখব এখানে আমরা। নিৎসে আমাদের পথ দেখাবে ‘হাজার মুখোশ পরীক্ষা’র ভেতর দিয়ে। মেয়েরা আসলে কীসে চূড়ান্ত সুখী হয় তার উত্তরও খুঁজব। আর পুরুষদের সুখ কীভাবে নারীদের সুখ থেকে আলাদা? এর উত্তর কেন ছেলেদের হতবাক করে দেয় তাও বাদ যাবে না। রাগ নিয়ে মার্ক টোয়েনের ধারণাই বা কী? এপিকিউরাস এখানে তার সুখী জীবনের রেসিপি দেখাবে। শিয়াল ছোট্ট রাজপুত্রকে ভালোবাসা আর বন্ধুত্ব শেখাবে।
শাপিরার দাবি, ছোট এই বইটা আপনার জীবনকেন্দ্রিক চিন্তার প্রায় সব চিন্তার পরিবর্তন ঘটাবে—প্রথমত আপনার সুখ নিয়ে যে ধারণা তা উল্টে যাবে বহুলাংশে।
হাইম শাপিরার ‘সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়’ বইটি অনুবাদে আগ্রহী হলেন কেন জানতে চাইলে অনুবাদক মৃদুল মাহবুব দেশ রূপান্তরকে বলেন, বইটা পড়ে প্রথমত আমার ভালো লেগেছে। দ্বিতীয়ত দরকারি বই মনে হয়েছে। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না। তবে আশা করি পাঠক বইটি পড়লে বুঝতে পারবেন।
মৃদুল মাহবুবের অনুবাদে হাইম শাপিরার ‘সুখ ও অন্যান্য ছোট অতি প্রয়োজনীয় বিষয়’ বইটির পৃষ্ঠা সংখ্যা ১৯২। বিনিময় মূল্য ২৮৫ টাকা। গায়ের দামের ওপর ২৫ শতাংশ ছাড়ে বইটি অমর একুশে বইমেলায় বৈভবের ১১৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া, অনলাইনে রকমারি ডটকম থেকে ঘরে বসেও বইটি সংগ্রহ করা যাবে। পাশাপাশি, বাতিঘর ও কনকর্ডের বইয়ের দোকানগুলোতেও বইটি কিনতে পাওয়া যাবে।
