উপায়ের সিইও রেজাউল হোসেনের বই ‘ওয়্যারলেস টু ক্যাশলেস’

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:০০ এএম

একুশে গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায়ের সিইও রেজাউল হোসেন রচিত ‘ওয়্যারলেস টু ক্যাশলেস’। প্রকাশ করছে আদর্শ। সংস্থাটির ৩৩৩-৩৩৬ নং স্টলে শনিবার বিকেল ৪টায় বইটির মোড়ক উন্মোচন হবে।

বাংলাদেশের টেলিকম ও এমএফএস ইন্ডাস্ট্রিতে কাজ করার ২৬ বছরের অভিজ্ঞতার আলোকে নব্বইয়ের দশকের ওয়্যারলেস ফোন থেকে বর্তমানের ক্যাশলেস অর্থব্যবস্থায় বিবর্তনের চালচিত্র তুলে ধরেছেন রেজাউল হোসেন।

‘ওয়্যারলেস টু ক্যাশলেস’ দুটি দিক সমান্তরালে তুলে ধরেছে। একদিকে, ইনসাইডারের চোখে বাংলাদেশের টেলিকম ও এমএফএস ইন্ডাস্ট্রির শুরু থেকে বর্তমান পর্যন্ত চড়াই-উতরাইয়ের বর্ণাঢ্য ইতিহাস ও পর্যালোচনা। অন্যদিকে দীর্ঘ করপোরেট ক্যারিয়ার ও এন্টারপ্রেনারশিপের অভিজ্ঞতায় ঋদ্ধ, ভিশনারি এক বিজনেস থিংকারের ব্যক্তিগত জার্নির ঘটনাবহুল ও চমকপ্রদ সব কাহিনি।

কেন অধিকাংশ স্টার্ট-আপ সফলতার মুখ দেখে না? যেকোনো ব্যবসার সেলসের কম্প্রিহেন্সিভ মডেলটি কেমন হয়? ব্যবসায়িক সাফল্যের জন্য কী ধরনের টেকসই বিজনেস মডেল প্রয়োজন?  মার্কেট প্ল্যান কীভাবে তৈরি করতে হয়?  ডিএফএসের আসন্ন ইকোসিস্টেম কেমন হতে যাচ্ছে কিংবা বাংলাদেশের ফিন্যান্সিয়াল সেক্টরের ভবিষ্যৎ গতিপথ কোন দিকে? এ সব প্রশ্নের উত্তরের পাশাপাশি বইটি তুলে ধরেছে দেশের গুরুত্বপূর্ণ দুটি ইন্ডাস্ট্রির অন্দরমহলের নানা অজানা কাহিনি।

লেখক রেজাউল হোসেন বাংলাদেশের টেলিকম ও এমএফএস ইন্ডাস্ট্রির বিভিন্ন লিডিং পজিশনে কাজের অভিজ্ঞতা রয়েছে। গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন সেলসের প্রধান হিসেবে জিপিডিসির মতো অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্ব দিয়েছেন। ছিলেন সিটিসেলের হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং এয়ারটেলের ডিস্ট্রিবিউশন সেলসের প্রধান কর্মকর্তার দায়িত্বে। পালন করেছেন বিকাশের সিসিও’র দায়িত্ব। নগদের সম্পূর্ণ বিজনেস স্ট্রাকচারও তার হাতে তৈরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত