ফরিদী নুমানের ক্যামেরায় রয়েল বেঙ্গল টাইগার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:০৯ এএম

বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের অহংকার রয়েল বেঙ্গল টাইগারের ছবি তোলা অসাধ্য না হলেও ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। বিরল সেই সুযোগ পেয়েছেন সাংবাদিক, ফটোগ্রাফার ও চিত্রশিল্পী ফরিদী নুমান।

তার ক্যামেরায় ধরা পড়ল বাঘের অনিন্দ্য সুন্দর ছবি, ধারণ করেছেন ভিডিও।

নিজের ফেসবুক ওয়ালে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন ফরিদী নুমান।

তিনি জানান, কিছুদিন একনাগাড়ে সুন্দরবনে অবস্থান করছেন। বাঘের ছবিটি ৩১ মার্চ বিকেলে কটকা থেকে তোলা।

ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের একটি জলধারার পাশের গাছের ওপর আয়েশি ভঙ্গিতে বসে আছে বাঘটি। তার কিছু দূর দিয়ে ফরিদী নুমানদের নিয়ে একটা নৌকা পার হয়। কিন্তু বনের রাজার সে দিকে ভ্রুক্ষেপই ছিল না। আর এই অবসরে ভ্রমণকারীরা বিরল অভিজ্ঞতার মুখোমুখি হলেন। প্রাণভরে দেখে নিলেন বনের পরিবেশে রয়েল বেঙ্গল টাইগার।

বিকেল থেকে সন্ধ্যা অবধি বাঘটি গাছে বসে ছিল। নৌকা নিয়ে এপাশ-ওপাশ করে প্রায় ৫০ মিনিট ছবি তুলেছেন ফরিদী ও তার সঙ্গীরা। সন্ধ্যা নামলে তারা ফিরলেও তখনো গাছের ওপর ছিল ডোরকাটা জন্তুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত