বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২০ জুন ৮৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সাংগঠনিক সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
কামাল লোহানীর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতালা গ্রামে ১৯৩৪ সালের ২৬ জুন তাঁর জন্ম।
পাবনা জেলা স্কুলে শেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায়ই ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন কামাল লোহানী। সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কামাল লোহানী দৈনিক মিল্লাত, আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তাসহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার তোপখানা রোডে উদীচী চত্বরে আজ সোমবার সন্ধ্যা ৬টায় কামাল লোহানী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
