বাংলাদেশে রচনাবলি প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক প্রকাশনা সংস্থা ঐতিহ্য। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আল মাহমুদ পর্যন্ত বাংলা সাহিত্যের মহিরুহদের লেখনী ইতোমধ্যে পাঠকদের উপহার দিয়েছে তারা। এবার একটু ব্যতিক্রমধর্মী রচনাবলিতে হাত দিচ্ছে ঐতিহ্য।
প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে ‘আফসান চৌধুরী রচনাবলি’। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। সেই ছবিও প্রকাশ করেছে ঐতিহ্য।
চার দশকের বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কাজ করছেন আফসান চৌধুরী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র’ প্রকল্পের গবেষক ছিলেন। একাত্তরের অভিজ্ঞতার ওপর কাজ করেছেন ‘গ্রামের একাত্তর’, ‘হিন্দু জনগোষ্ঠীর একাত্তর’ এবং ‘নারীদের একাত্তর’ নিয়ে।
ঐতিহ্য প্রকাশিত রচনাবলির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর (৩০ খণ্ড), বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১০ খণ্ড), মানিক বন্দ্যোপাধ্যায় (১০ খণ্ড), জীবনানন্দ দাশ (৬ খণ্ড), শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (৫ খণ্ড), প্রমথ চৌধুরী (৭ খণ্ড), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (৪ খণ্ড), আল মাহমুদ (১৩ খণ্ড), রশীদ করিম (৫ খণ্ড) এবং সর্বশেষ সৈয়দ শামসুল হক (৩৫ খণ্ড) রচনাবলি।
