এই দিনে

এডগার অ্যালান পোর মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:১৬ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কবি, ছোটগল্পকার, সম্পাদক ও সমালোচক এডগার অ্যালান পোর মৃত্যুবার্ষিকী আজ। ১৮৪৯ সালের ৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। বৈচিত্র্যময় জীবনের অধিকারী এই সাহিত্যিকের সারা জীবন কাটে নানারকম যন্ত্রণা, আর্থিক দৈন্য ও মানসিক অস্থিরতার মধ্যে। 

এডগার অ্যালান পোর জন্ম ১৯ জানুয়ারি ১৮০৯ সালে। ২০ বছর বয়স হওয়ার আগেই তিনি লেখালেখি শুরু করেন এবং তখনই তার কিছু কিছু রচনা প্রকাশিত হয়। একদিকে তিনি অসংযমী জীবনযাপন করেছেন, জুয়া খেলেছেন, অসুস্থ হয়েছেন, মৃত্যুর এক বছর আগে একবার ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন, অন্যদিকে এতসবের মধ্যেও গভীর আবেদনময় কবিতা ও ব্যতিক্রমধর্মী ছোটগল্প রচনা করে শুধু মার্কিন সাহিত্য ভুবনে নয়, বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজের জন্য একটি গৌরবমণ্ডিত স্থায়ী আসন করে নিয়েছেন। 

তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে‘হেলেনের প্রতি’, ‘স্বপ্ন’, ‘ইসরাফিল’, ‘দাঁড়কাক’, ‘অ্যানাবেল লি’ প্রভৃতি। তার ‘দ্য রেভেন’ কবিতাটি রোমান্টিকতা, মোহন সুরেলা ছন্দময়তা ও তার রহস্যময় পরিমণ্ডলের জন্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবিতারূপে স্বীকৃতি পেয়েছে। 

তিনি তার বেশ কটি ছোটগল্পে উল্লেখযোগ্য নৈপুণ্যের সঙ্গে রহস্যময়, ভুতুড়ে, মৃত্যুর গন্ধ মাখা, খুনখারাবিতে ভরা আতঙ্কতাড়িত পরিবেশ সৃষ্টি করেছেন। গোয়েন্দা গল্পের ক্ষেত্রেও তার অবদান স্মরণীয়। উপরোক্ত ধারার রচনার মধ্যে ‘আমন্তিলাডোর পিপা’, ‘কালো বিড়াল’, ‘রু মর্গের হত্যাকাণ্ড’ এবং ‘চুরি যাওয়া চিঠি’ তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। তার সাহিত্যকর্ম সাধারণ পাঠক ও বিদগ্ধ সমালোচকের কাছে আজও সমাদৃত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত