২৫তম প্রয়াণ দিবস

ড্যাডিকে স্মরণ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

বাংলাদেশের ফটোগ্রাফির জনক ও উপমহাদেশের ছোটগল্পের অন্যতম লেখক গোলাম কাসেম ড্যাডির ২৫তম প্রয়াণ দিবস রোববার।

এ উপলক্ষে রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশ কেন্দ্রে ‘ড্যাডিকে স্মরণ’ শিরোনামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, আলোকচিত্রশিল্পী সাইফুল হক আমি ও তানভীর মুরাদ তপু। সঞ্চালনা করবেন কবি ও গবেষক ইমরান মাহফুজ। অনুষ্ঠানের আয়োজক ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব ও ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি।

গোলাম কাসেম ড্যাডি ১৯১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনফ্যানট্রি কোরের সদস্য হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ এবং মহাযুদ্ধের অসংখ্য দুর্লভ স্থিরচিত্র ধারণ করেন। তিনি ১৯৫১ সালে ঢাকায় প্রথম ‘ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি’ ও ১৯৬২ সালে ‘ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব’ প্রতিষ্ঠা করেন।

তিনি ফটোগ্রাফিবিষয়ক একাধিক গ্রন্থের প্রণেতা। সওগাত যুগে তাকে মুসলিম বাংলা সাহিত্যের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হিসেবে অভিহিত করা হতো। ২০২২ সালে আলোকচিত্রশিল্পী সাহাদাত পারভেজের সম্পাদনায় পাঠক সমাবেশ থেকে চার খণ্ডের ‘ড্যাডিসমগ্র’ প্রকাশিত হয়। ড্যাডি ১৯৯৮ সালের ৯ জানুয়ারি ১০৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত