শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় তার স্ত্রী সাবেক সাংসদ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। গত দুই মাস ধরে চরিত্রটি লালন করে আসছেন নায়িকা।
এরমধ্যে আজ শুক্রবার ঘুম ভাঙতেই নায়িকা জানতে পারলেন যার চরিত্রে তিনি অভিনয় করছেন সেই পান্না কায়সার আর নেই। আজ সকালেই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতি কন্না শমী কায়সার মিমকে জানিয়েছিলেন আজ তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবেন। কিন্তু তা আর হলো না।
তার বিদায়ের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিম জানান, বিধাতার কি এ এক অদ্ভুত সমীকরণ। আমরা ভাবি এক, কিন্তু তাঁর পরিকল্পনা আরেক—যা সাধারণের বোঝা বড় দায়। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং করছি। এই সিনেমায় আমি পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছি। গতকাল শমী আপু (শমী কায়সার) বললেন, তোমাদের তো শুক্রবার ও শনিবার শুটিং নেই। তাহলে রেডি থেকো। তোমাদেরকে আম্মার সঙ্গে দেখা করতে নিয়ে যাব।
মিম বলেন, শুনেই তো আমি ভীষণ এক্সাইটেড। মহীয়সী নারী শ্রদ্ধেয় পান্না কায়সারের সঙ্গে দেখা করব। গেল দুই মাস ধরে যাকে বই পড়ে, টেলিভিশনের বিভিন্ন ইন্টারভিউ থেকে জানার চেষ্টা করেছি, সেই মানুষটার সঙ্গে মুখোমুখি বসে গল্প করব। নানান অভিজ্ঞতা শুনব। আড্ডা দেব। জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। অসাধারণ মুহূর্তের সাক্ষী হবো।
তিনি আরও বলেন, আরো কত কি যে ভাবনা মনের মধ্যে। চাইলেই কি আর সব পূরণ হয়। রাত শেষে সকালবেলা এমন একটা খবর অপেক্ষা করছে ভাবিনি। ঘুম থেকে ওঠেই শুনি পান্না কায়সার আন্টি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর খবরে থমকে গেলাম। স্তব্ধ হলাম। গেল কিছুদিন ধরে মনের মধ্যে লালন করা মহীয়সী পান্না কায়সারকে হারিয়ে মনে হচ্ছে, আমারই একজন আপনজন হারালাম। সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।
‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ছবিতে শহীদুল্লাহ কায়সার চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার।
মিমকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
