কনসার্টে লিরিক্স ভুলে গেলেন ‘বিটিএস’র জাংকুক!

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম

র‍্যাপার্স ডি-ডে কনসার্টে বিটিএস-এর সুগার সঙ্গে যোগ দিয়েছিলেন জাংকুকও। সেখানে বেশ কয়েকটি গানে পারফর্ম করেছেন তিনি। ঘরে ফিরে ভক্তদের সঙ্গে এক লাইভ সেশনে অংশ নিয়ে জাংকুক জানান, কনসার্টের মঞ্চে গানের কথা ভুলে গিয়েছিলেন তিনি। এজন্য তিনি সুগা এবং ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নেন।

ভক্তদের জাংকুক বলেন, ‘আমি ঘাবড়ে গিয়েছিলাম লিরিক্স ভুলে গিয়ে। বিটিএস আর্মি এবং সুগার কাছে দুঃখ প্রকাশ করছি। মন খারাপ লাগছে। আমার মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। দুঃখিত আর্মিরা। এরপর যদি কনসার্টে অংশ নেয়ার সুযোগ পাই, আমি আর ভুল করবো না। অনেক প্র্যাকটিস করার পরেও কীভাবে ভুলে গেলাম!’

তবে জাংকুক দুঃখ প্রকাশ করলেও অধিকাংশ ভক্ত জানিয়েছেন, তারা ভুলটা ধরতেই পারেননি। তবে ভক্তরা ভুল ধরতে না পারাতেও অবাক হয়েছেন জাংকুক। তিনি বলেন, ‘কীভাবে খেয়াল করলেন না? আমি ভুলে গিয়েছিলাম এবং সেই অংশটি গাইনি।’

১৪ জুলাই জাংকুকের নতুন গান সেভেন প্রকাশ পেয়েছে। গানটি জায়গা করে নিল গিনেস বুকে। স্পটিফাইতে ২০০ মিলিয়ন স্ট্রিমের রেকর্ড গড়েছে গানটি, যা কোনো পুরুষ গায়কের জন্য সবচেয়ে কম সময়ে গড়া একটি নতুন রেকর্ড।

সূত্র: হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত