সেলুলয়েডে তিনি চিরকালের কৌতুকাভিনেতা। পর্দায় তার উপস্থিতি মানেই ঝিমিয়ে পড়া দর্শকদের মুখে হাসি। বলছি বলিউড অভিনেতা জনি লিভারের কথা। এবার সেই কমেডিয়ানই ধরা দিলেন গায়ক হয়ে, তাও আবার বিলেতে।
খাঁটি বাংলায় লোকগান গাইলেন তিনি! ইংল্যান্ডে ঘুরতে গিয়ে নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতেই গুনগুনিয়ে ওঠেন তিনি। তারপর ক্যামেরার সামনে এসে গান ধরেন তিনি। খাঁটি বাংলায় লোকগান – ‘তুমি যদি বন্ধু থাকো উদাসী/ সকালের ফুল তবে বিকেলে বাঁশি/ অচেনা পাখি উড়িয়া আসিবে/ বসবে যৌবন ডালে/ পিরিত জমে না, জমে না, জমে না সই/ মন যদি মনেতে না মেলে।’
নাগরিক জীবনে অশ্রুতপ্রায় এই লোকগানটি একেবারে ব্রিটিশদের মাটিতে কী অবলীলায় সুন্দরভাবে গাইলেন বলিউড অভিনেতা। একেই বোধহয় বলে প্রতিভা! যে ভূমিকাতেই তাকে নামানো হোক না কেন, প্রতিভায় সকলকে মুগ্ধ করবেনই। ঠিক যেমন বলিউডের বহু জনপ্রিয় এই অভিনেতা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তার গান শুনে আরও একজন অভিনেতা পাশে এসে গানের তালে তাল দিচ্ছেন। বোঝাই যাচ্ছে, আশপাশের লোকজন বেশ পছন্দই করেছেন জনি লিভারের বাংলা গান। সে গানের অর্থ বুঝুক বা না বুঝুক।
