পনেরো বছর আগে মুক্তি পাওয়া ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় কাজ করতে গিয়ে রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকারের মধ্যে প্রেমের সম্পর্ক ঘটে। এর দুই বছর পর তারা বিয়েও করেন। তাদের ঘরে সন্তানও আসে। ছয় বছর সংসার করার পর তাদের মধ্যে মতের অমিল দেখা দেয় এবং তারা ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। এ নিয়ে কম চর্চা হয়নি সোশ্যালে কিংবা গণমাধ্যমে।
২০১৮ সাল থেকে তাদের মামলা চলছিল। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দু’পক্ষ।
বিচ্ছেদের ৬ বছর পর আবারো তারা এক ছাদের নিচে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা। শুরু করছেন সংসারের দ্বিতীয় ইনিংস। চলতি বছর দোলের সময় থেকে তাদের দুজনের সম্পর্কে উন্নতি হতে শুরু করে। দুই তারকার একই কথা, ছেলে সহজের কথা ভেবেই সম্পর্ক সহজ করছেন তারা। তবে মাঝে অন্তরায় হয়ে ছিল আইনি জটিলতা। এবার আদালতের সিলমোহরে এক হলেন তারা।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। কিছু আইনি জটিলতা ছিল। দুজনে সেটার মিটমাট করেছি। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওঁর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা একসঙ্গেই সবাই সময় কাটাই।’
তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’
