প্রচণ্ড বাতাসে রেল লাইনের ওপর হঠাৎ করে গাছ আছড়ে পড়ে শাটল ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ৭/৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নাজিরহাটের চৌধুরীহাট রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হাটহাজারী থেকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।’
তবে স্থানীয় সূত্র বলছে, দুর্ঘটনার পর পর আহত শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। এ সময় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তারা।
মোহাম্মদ ফারুক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় মুখী শাটল ট্রেনটি। প্রচণ্ড বাতাসের কারণে রাত ৯ টার দিকে চৌধুরীহাট স্টেশনের অদূরে (দক্ষিণে) রেল লাইনের ওপর আছড়ে পড়ে গাছের বড় একটি ডাল। দুর্ঘটনার স্থানটি ছিল ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। রাত সোয়া ৯টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি অতিক্রম করার সময় ডালের সাথে সজোরে ধাক্কা লাগে।
এ সময় ট্রেনটি লাইনচূত বা বড় কোনো সড়ক দুর্ঘটনায় পতিত হয়নি। তবে ট্রেনের সাথে গাছের ডালের ধাক্কা লাগায় ছাদে থাকা ৭/৮জন শিক্ষার্থী ছিটকে পড়ে আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম ঠিকানা জানা যায়নি।
