সড়ক দুর্ঘটনায় ডুয়েট ছাত্রের মৃত্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

নিহত ওই শিক্ষার্থীর নাম সোহেল রানা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের জসিম সরকারের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে ডুয়েট শিক্ষার্থী সোহেল রানা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুয়েট গেট এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সোহেল রানা ও তার সহপাঠী আহত হয়। গুরুত্বর আহত সোহেল রানাকে শিক্ষার্থীরা দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।

ডুয়েটের মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল হুদা জানান, ডুয়েট ক্যাম্পাসের কাছে সড়ক দুর্ঘটনায় ডুয়েটের ছাত্র সোহেল রানা আহত হলে তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর থেকে আমরা ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানাই। পৌনে এক ঘণ্টা পর হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সোহেল রানাকে ঢাকা পাঠাতে বিলম্ব হওয়ায় সে মারা যায়। এ ঘটনায় ছাত্রকল্যাণ পরিচালকের গাফিলতিকে দায়ী করে শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের দাবি না মানলে রবিবার থেকে ক্লাস বর্জনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম এ বিষয়ে কোন কথা বলতে অস্বীকার করেন।

ডুয়েটের ভিসি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতেছি। পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত