বাজারে এলো সদ্যপ্রয়াত আসাদ চৌধুরীর নতুন বই

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:১৮ পিএম

সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর নতুন শিশুতোষ গল্পের বই ‘ছোট্ট ইঁদুর দেখবে সাগর’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটি প্রকাশ করেছে কিন্ডারবুকস।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাট্যজন রামেন্দু মজুমদার বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুজিবপিডিয়া সম্পাদক কবি ফরিদ কবির, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার প্রমুখ।

কিন্ডারবুকসের প্রকল্পপ্রধান আজহার ফরহাদ বলেন, কবি আসাদ চৌধুরী গত ৫ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্ডারবুকস থেকে এই শিশুতোষ বইটি প্রকাশিত হলো। নজরকাড়া প্রচ্ছদ, নান্দনিক ডিজাইন আর দুর্দান্ত ইলাস্ট্রেশন ও চিত্র শিশুদের আর্কষণ করবে বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩’। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। বাংলা একাডেমি চত্বরে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলছে।

‘ছোট্ট ইঁদুর দেখবে সাগর’ ছোটদের জন্য লেখা আসাদ চৌধুরীর শিশুতোষ গল্পের বই। এতে অলঙ্করণ করেছেন শিল্পী রাজীব দত্ত। মূল্য ১৪০ টাকা। ২৫% ছাড়ে মেলায় পাওয়া যাবে ১০৫ টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত