২৮ অক্টোবর

একনজরে আজকের দেশ রূপান্তর

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৮ এএম

আজ শক্তির মহড়া তারপর...

মরিয়া লড়াইয়ের আভাস-ইঙ্গিত রেখেই আজ শনিবার মাঠে নামছে বিএনপি। সেজন্য তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, তল্লাশির বাধা পেরিয়ে আসতে হচ্ছে। একইভাবে মোক্ষম জবাব দেওয়ার জন্য নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলই জিততে চায়। এতে যে জনমনে আশঙ্কা, দুশ্চিন্তা ও দুর্ভাবনার জন্ম হয়েছে, সেটাও পাড়া-মহল্লার আলোচনায় বোঝা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক। তারাও প্রস্তুতি নিয়ে নেমেছে।

কয়েক দিন ধরেই বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ নিয়ে দুপক্ষের নেতাদের মধ্যে কথার লড়াই চলছে। বিএনপি বলছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তাতে সন্দেহ প্রকাশ করে আওয়ামী লীগ বলছে, নাশকতা বা সহিংসতা করলে পাল্টা জবাব দেওয়া হবে। সমাবেশের আগের দিন দুই দলের নেতারা সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু নাশকতা হবে না এ নিশ্চয়তা কেউ দেননি।

বিস্তারিত পড়ুন


গ্রেপ্তার তল্লাশি বাস বন্ধ

জুলহাস কবীর। বয়স আনুমানিক ২৭ বছর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়েছিলেন আজমপুর রাজউক কমপ্লেক্স মার্কেটে মোবাইল ফোন মেরামত করার জন্য। রাত সাড়ে ৮টায় তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসায় ফিরছিলেন। মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে টহল পুলিশ তাকে আটক করে। বিএনপির কর্মী সন্দেহে তাকে থানায় নিয়ে যেতে চায়। একপর্যায়ে পুলিশ তার কাছে ৩ হাজার টাকা দাবি করে। শেষমেশ ১ হাজার টাকা দিয়ে রক্ষা পান জুলহাস।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে পুলিশ রাজধানীর প্রবেশপথ ও শহরের রাস্তাঘাট, বাসাবাড়ি ও হোটেলে তল্লাশি চালাচ্ছে। সন্দেহ হলেই আটক করা হচ্ছে। গতকাল শুক্রবারও এমন তল্লাশি চলেছে। তবে ঢাকার প্রবেশপথ ও থানার এলাকাগুলোতে তল্লাশির নামে হয়রানি ও টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

বিস্তারিত পড়ুন


অনুমতি পায়নি তবু অনড় জামায়াত

কেয়ারটেকার সরকারের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরের মহাসমাবেশের যে কর্মসূচি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে, সে কর্মসূচির অনুমতি দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শাপলা চত্বরে তারা মহাসমাবেশ করবে।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’

বিস্তারিত পড়ুন


স্বপ্নের টানেল খুলছে আজ

স্বপ্ন এখন সত্যি। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে টানেল তৈরির শ্রেষ্ঠত্বের মুকুট এখন বাংলাদেশের মাথায়। আজই বহু আকাক্সিক্ষত টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করবেন। পদ্মা সেতুর পর বঙ্গবন্ধু টানেলই দেশে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়ন সফলতার প্রধান স্মারক।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই টানেল একদিকে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে।

বিস্তারিত পড়ুন


আক্রমণ রক্ষণ দুই প্রস্তুতিই আ.লীগের

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী দল বিএনপির আজ শনিবারের মহাসমাবেশ ঘিরে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপি-জামায়াতে ইসলামীর অবস্থান ও পদক্ষেপ বুঝে আক্রমণাত্মক কিংবা রক্ষণাত্মকের মধ্যে যেটি যথাযথ মনে হবে সেই ভূমিকায় মাঠে থাকবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দিনভর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বিএনপির ওপর নজর রাখছেন তারা। বিএনপি ও তাদের শরিকদের উসকানির ফাঁদে পা দেবে না আওয়ামী লীগ। কিন্তু ঢাকার রাজপথের নিয়ন্ত্রণ রক্ষা ও মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকায় যেতেও দ্বিধা করবে না দলটি। কোনোভাবেই আগামী নির্বাচনের আগে বিএনপি কিংবা জামায়াতের কাছে রাজপথের নিয়ন্ত্রণ হারাতে চায় না দলটি।

বিস্তারিত পড়ুন


রাজনীতিকে বিদায় জানালেন ড. কামাল

রাজনৈতিক কার্যক্রম থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, ‘আমি সব রাজনৈতিক কার্যক্রম তথা গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি। ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্যমতো অবদান রাখতে চেষ্টা করব। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতাকর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সব সময় থাকবে। এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করব, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।’

বিস্তারিত পড়ুন


কাজই হয়নি ব্যয় বেড়ে দ্বিগুণ

প্রায় সাড়ে পাঁচ বছর আগে প্রকল্পটি অনুমোদন করা হয়। তখন ব্যয় ধরা হয়েছিল ৩৯৫ কোটি টাকা। প্রকল্পের জন্য কেনাকাটা হয়েছে। কর্মকর্তারা বিদেশ ভ্রমণও করেছেন। এরই মধ্যে সময় বাড়নো হয়েছে দুই দফা। ব্যয়ও বেড়ে হয়ে গেছে দ্বিগুণ। কিন্তু এখনো কাজই শুরু হয়নি। এমন অচলাবস্থা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নেওয়া তিনটি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের।

জানতে চাইলে কেডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোরতোজা আল মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনায় কাজ বন্ধ ছিল। সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হওয়াতে নির্মাণসামগ্রীর দামও বেড়েছে। জমি অধিগ্রহণে খরচ তিনগুণ হয়েছে। এ কাজেই বড় একটা সময় গেছে। এসব কারণেই প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও খরচ বেড়েছে।’

বিস্তারিত পড়ুন


ভবনটিতে সেফটি প্ল্যান ছিল না

প্রায় ১৬ ঘণ্টা পর রাজধানীর মহাখালীর আমতলীতে বহুতল ভবন খাজা টাওয়ারে লাগা আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। গত বৃহস্পতিবার বিকেলে লাগা এ আগুনে তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে তেমন সেফটি প্ল্যান ছিল না। গতকাল শুক্রবার পর্যন্ত কেন বা কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়টি স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস। এগুলো নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে তারা।

এদিকে ওই ভবনে থাকা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরা বলেন, এ ভবনটি রাজধানীর সবচেয়ে বড় ডেটা হাব। দেশের টেলকো সেবা প্রতিষ্ঠানসহ ৩০ শতাংশ ইন্টারনেট সেবা এখান থেকে কাজ করে। কিন্তু আগুনের ঘটনার পর সেখানে বিদ্যুৎ নেই। ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখতে হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বিদ্যুৎ পেলে দু-এক দিনের মধ্যে এই ইন্টারনেট সেবা স্বাভাবিক করা সম্ভব হবে।

বিস্তারিত পড়ুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত