চলতি বিশ্বকাপ আসরের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ক্রিকেট বিশ্ব সাক্ষী হয় ইতিহাসের প্রথম টাইমড আউট ঘটনার। আর এই তকমা জোটে লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসের কপালে। অথচ তা হতে পারতেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
এ বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ভারতের ইনিংস শুরু হয় দিনের শেষ অংশে। ওয়ান ডাউনে নাইটওয়াচম্যান হিসেবে অশ্বিন আসেন ক্রিজে। সে সময় কালক্ষেপণ করতে গিয়ে নিজের বিপদ ঢেকে এনেছিলেন।
অশ্বিন নিজের ইউটিউবে জানান, ‘আমি ধীরে ধীরে যেতে চেয়েছিলাম, যাতে ওটা শেষ ওভার হয় এবং দিনের খেলা শেষ হয়ে যায়। কিন্তু এরপর আম্পায়ার আমাকে বললেন, তুমি ক্রিজে কিছুক্ষণ দেরিতে এসেছ। তুমি কি জানো, তারা যদি আবেদন করত তাহলে আমি তোমাকে আউট দিয়ে দিতাম।’
ওই ঘটনায় বেশ ধাক্কা খেয়েছিলেন তিনি। সেই ইনিংসে ৬২ বলে ২৩ রান করেছিলেন অশ্বিন। একই ভিডিওতে ম্যাথিউসের টাইমড আউট নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন অশ্বিন। তার দৃষ্টিতে এ ঘটনায় কাউকে দোষী করার সুযোগ নেই। সাকিব ও ম্যাথিউস দুজনেই নিজের জায়গা থেকে ঠিক বলে মনে করেন অশ্বিন।
