পদত্যাগ করা তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব বণ্টন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০৫ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শূন্য পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এরপর বিকেলেই এ বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

মাহবুব হোসেন বলেন, তিনটি মন্ত্রণালয় খালি হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়েছে। সেখানে পূর্ণ মন্ত্রী থাকায় কাউকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলে যাবে। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল। এই উপদেষ্টারা পদত্যাগ করলেও তাদের দায়িত্ব কাউকে বণ্টন করা হচ্ছে না বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

নির্বাচনের আগে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে সচিব বলেন, ‘এখন সরকার স্বাভাবিক নিয়মে চলবে। আমাদের কাছে যদি বিবেচ্য বিষয় থাকে সেটার জন্য মন্ত্রিসভার বৈঠক চাইব।’

গত ১৯ নভেম্বর মন্ত্রিসভার দুই টেকনোক্র্যাট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ ছাড়া পদত্যাগ করা প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।

একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সজীব ওয়াজেদ জয়। তার এই নিয়োগ ছিল অবৈতনিক। এর আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত