ঘুরে দাঁড়ানোর টোটকা পেয়ে গেছে কিউইরা, জানালেন সোধি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের সূচনা মনের মতো হয়নি। তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা কিউই ব্যাটাররা ১৫০ রানের ব্যবধানে হেরে যায় ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। দাপট ছিল গত চক্রেও। হাল ছাড়ার দল কিউইরা না। বুধবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে পাখির চোখ করে শুরু করে দিয়েছে অনুশীলন।

বাংলাদেশ কন্ডিশন বিবেচনায় মাত্র এক পেসার শরিফুলকে নিয়ে একাদশ সাজায়। পুরো ম্যাচেই এ সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়। সিলেট টেস্টে স্পিনে খাবি খাওয়া ‍কিউইদের দেখা গেল সেই দিকে বাড়তি মনোযোগ দিতে। মিরপুর টেস্টেও দেখা যেতে পারে স্পিনারদের জন্য সুবিধা সম্বলিত পিচ। তাই আরও সতর্ক কিউই বহর।

নিউজিল্যান্ড দলের স্পিন বিভাগের অন্যতম বড় ভরসা ইশ সোধি জানালেন অনুশীলন পরবর্তী দলের অবস্থা। সোমবার নিজেদের দল নিয়ে সোধি বলেন, 'অবশ্যই সিলেটে প্রথম টেস্ট হেরে পরাজিত দল নিয়ে আসা কঠিন। তবে ওই টেস্ট যত সামনে যাচ্ছিল আমরা ছন্দ পাচ্ছিলাম। আমি নিজেও অনেকদিন টেস্ট খেলি না। কাজেই এই কন্ডিশনে কাজটা কঠিন। আমার মনে হয় বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে অনেক জায়গায় আমাদের ছাড়িয়ে গেছে। সঙ্গে এই কন্ডিশনে কীভাবে সফল হতে হয় এর একটি পথও দেখিয়ে দিয়েছে। আশা করছি আমরা পরবর্তী ম্যাচে এটা কাজে লাগাতে পারব।'

ঢাকার উইকেটে স্পিন বিভাগে বড় রকমের নির্ভরতা কাজ করে যেকোনো দলের। উইকেট কেমন হতে পারে তা নিয়ে সোধি বলেন, 'আমরা সবে এখানে এসেছি। আমার মনে হয় এখানে আদ্রতা অনেক বেশি। বৃষ্টি হবে কিনা এই বিষয়ে আমি নিশ্চিত নই। কিন্তু মনে হচ্ছে সারফেস আরেকটু নরম থাকবে। ঘাস একটু বেশি থাকতে পারে। আগামী দুদিনে আরও ভালো করে বোঝার চেষ্টা করব। এটা টার্ন করে কি করে না। এখানে আগ্রাসী হবো না রক্ষণাত্মক থাকব এটা বুঝতে হবে। দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি। তার আগে দুদিন খুব ভালো অনুশীলনের সুযোগ থাকছে।'

অনুশীলনে মনোযোগ কেড়ে নিয়েছেন কেন উইলিয়ামসন। স্পিন খেলেছেন, ব্যাটিং শেষে স্পিনারদের সঙ্গে আলাপ করেছেন। তুলেছেন ছবিও।

মিরপুরে শেষ দুই টেস্টে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। সিলেট টেস্টের জয় থেকে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের জয়ী মনোভাব ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। তবে কিউইরাও ছেড়ে কথা বলার পাত্র নয়। দলগতভাবে মাঠে তা করে দেখানো আভাস দিয়ে গেলেন সোধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত