সিলেট টেস্টে নিউজিল্যান্ডের একাদশে জায়গা হয়নি রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনারের। এই দুজনকেই মিরপুরের একাডেমি মাঠে দীর্ঘ সময় দেখা গেল অনুশীলন করতে দেখা গেছে। তবে ঢাকা টেস্টের একাদশে এই দুজনকে নিয়ে পরিকল্পনা করছে কিউইরা?
এই প্রশ্নের উত্তরে সরাসরি কিছু বলেননি সফরকারিদের হয়ে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক টিম সাউদি। তবে কূটনৈতিক জবাবে আভাসটা দিয়ে রাখলেন। এমনকি মিরপুরের উইকেট বিবেচনায় যে রক্ষণাত্মক কৌশল বেঁছে নিচ্ছেন সেই ইঙ্গিত দিলেন।
সংবাদ সম্মেলনে সাউদি বলেছেন, ‘হ্যাঁ, ১৫ জনের সবারই বেশ ভালো সুযোগ রয়েছে। আমরা আগামীকাল সকালে আরও একবার উইকেটের দিকে চোখ বুলাব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কারা খেলবে, কাদেরকে বাদ দেওয়া হবে। তবে হ্যাঁ, আমি মনে করি ১৫ জনই খেলার জন্য প্রস্তুত।’
সিলেট টেস্ট হারের পর এবার ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। যেকোনো উপায়ে সিরিজে ড্র করাটাই হবে তাদের মূল লক্ষ্য। ব্যাটিংয়ে কি আক্রমণাত্মক কৌশল বেছে নেবে তারা?
এমন প্রশ্নের জবাবে সাউদি বলেন, ‘না। আমাদের দলের প্রত্যেকেরই আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দিক দু দিকেই ভালো খেলার কৌশল জানা আছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার মতো সামর্থ্য আমাদের প্রত্যেক ব্যাটসম্যানেরই আছে।’
মিরপুরে কি আরও একটি স্পিনের লড়াই হতে যাচ্ছে? এমন প্রশ্নের উত্তরে সম্মতি দিয়ে কিউই অধিনায়ক বলেন, ‘হ্যা। এখানে স্পিনাররা ভালো করবে, এটা আশা করাই যায়। প্রথম টেস্টে যেমনটা দেখেছি, দ্বিতীয়টিতেও তাই দেখার অপেক্ষায় আমরা।’
