রাজধানীর মহাখালী ৫০০ শয্যার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে দালাল চক্র। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা একটা সিট পেতে দিনের পর দিন অপেক্ষায় থাকেন।
এই অপেক্ষায় থাকা রোগী ও তার স্বজনদের কেন্দ্র করে হাসপাতালের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আবাসন বাণিজ্য। হাসপাতালের আশপাশে বাসা ভাড়া নিয়ে এই বাণিজ্য চলছে। রোগী ও তার স্বজনদের হাতে হাতে এসব বাসা বাড়ির ভিজিটিং কার্ড ধরিয়ে দেন দালালরা।
গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনিক ভবনের সামনে কথা হয় গাজীপুরের শ্রীপুর থেকে আগত সুমনা বেগমের সঙ্গে। সুমনা দেশ রূপান্তরকে বলেন, ক্যানসার আক্রান্ত স্বামীকে নিয়ে এসেছি। সঠিক সময়ে হাসপাতালে আসতে না পারায় ডাক্তার দেখানো যায়নি। আজ রাতে পাশের একটা বাসায় কক্ষ ভাড়া নিয়েছি। স্বামী স্ত্রী মিলে এক রাত থাকতে ৬০০টাকা ভাড়া ও ১৫০ টাকা করে খাবার ঠিক করি।
সুমনার দেওয়া সূত্র ধরে দেখা যায়, যারা হাসপাতালের সামনে অপেক্ষমাণ তাদের প্রায় সবার হাতে হাতে কার্ড রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল জানান, তার মতো আরও ৮-১০ জন রোগীদের আশপাশের বাসাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একেকটা কক্ষ ৩০০-৭০০টাকায় ভাড়া দেওয়া হয়। কক্ষ প্রতি তারা ৫০ টাকা করে কমিশন পেয়ে থাকেন।
যাদের সামর্থ্য নেই তারা হাসপাতালের দুতলা ও প্রশাসনিক ভবনের সামনের খালি জায়গায় রাত কাটান। মাঝেমধ্যে হাসপাতালের খালি জায়গায় আশ্রয় নেওয়াদের তাড়িয়ে দেন নিরাপত্তায় থাকা আনসার ও হাসপাতাল সংশ্লিষ্টরা। রোগীদের অভিযোগ, তারা যাতে বাধ্য হয়ে ভাড়া বাসা নিয়ে থাকতে পারেন এর জন্য কমিশন নিয়ে আনসার সদস্যরা তাদের তাড়িয়ে দেন।
