চাঁদপুরে শিশু খাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহারের দায়ে মো. আনাছ নামের এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছে চাঁদপুর বিশুদ্ধ খাদ্য আদালত। তিনি হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের স্টোরের মালিক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে অভিযুক্ত ব্যবাসয়ীর উপস্থিতিতে বিশুদ্ধ খাদ্য আদালতের জ্যেষ্ঠ জুডিসিয়াল মাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম এই রায় দেন।
এর আগে খাদ্যে ভেজাল বিষয়ে এই ব্যবসায়ীর বিরুদ্ধে ২০২৩ সালের ৯ নভেম্বর হাজীগঞ্জ টোরাগড় মজুমদার বাড়ীর বাসিন্দা মোহাম্মদ এনায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ওই সময় হাজী আবু তাহের স্টোরে শিশুদের খাদ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত কাপড়ের রঙ এবং অননুমোদিত সোডিয়াম মিশিয়ে তৈরি চকলেট, আইচ ললিপপ, কেন্ডি চকলেট, লিচু, রং মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।
পরে ২০২৩ সালের ২৩ নভেম্বর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি দায়ের করেন।
স্বাস্থ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম জানান, ব্যবাসয়ী মো. আনাছ অনুমোদনহীন কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বিভিন্ন বাজারের দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহ করতেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।
