ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ পিএম

ফিলিস্তিনের জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার এই আহ্বান জানান তিনি।

সৌদি বাদশাহ গাজায় নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করা, ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার দিয়ে তাদের দুর্ভোগ অবসানের আহ্বান জানান।

ভাষণে তিনি মুসলিমদের দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এখানে আসা মুসল্লিদের সেবা করার সুযোগ পাওয়ায় আল্লহার কাছে শুকরিয়া আদায় করেন। এ ছাড়া এই রমাজানে ওমরাহ করতে আসা ১০ লক্ষাধিক মুসল্লিদের যথাযথ ভাবে সহযোগিতা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করে বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি বাদশাহর পক্ষে ভাষণটি সংবাদমাধ্যমে পৌঁছে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত