টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরলো অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দারুণ ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে ভারতকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে প্যাট কামিন্সের দল।

আইসিসি শুক্রবার তিন সংস্করণে দলগুলোর র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন অস্ট্রেলিয়া। দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ১২০।

গত বছরের মে মাসে দেওয়া হালনাগাদে অস্ট্রেলিয়াকে সরিয়েই চূড়ায় উঠেছিল ভারত।

র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে ২০২৩ সালের মে মাসের পর থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন নেই। পরের স্থানগুলোয় যথাক্রমে আছে ইংল্যান্ড (১০৫ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (১০৩), নিউ জিল্যান্ড (৯৬), পাকিস্তান (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮২) ও বাংলাদেশ (৫৩)।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও সাদা বলের দুই সংস্করণেই সবার ওপরে ভারত। ওয়ানডেতে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। সেরা দশে পরের স্থানগুলোতে যথাক্রমে- পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

২৬৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতেও শীর্ষে ভারত। এক ধাপ এগিয়ে দুইয়ে ওঠা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৫৭। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে - ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত