টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের বোলিং পরামর্শক হিসেবে ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভোকে দলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাভোর নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে এসিবি।
ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার সবশেষ চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। চেন্নাই প্লে অফে না ওঠায় আফগান তাঁবুতে শিগগিরই যোগ দিতে পারবেন দুবারের বিশ্বকাপ জয়ী ব্রাভো। বিশ্বকাপের আগে ট্রেনিং ক্যাম্পের জন্য ইতোমধ্যেই সেন্ট কিটসে পৌঁছে গেছে আফগানিস্তান দল। সেখানেই কোচিং স্টাফে যুক্ত হবেন ভক্তদের প্রিয় ‘ডিজে’ ব্রাভো।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৬২৫ উইকেটের মালিক ডোয়াইন ব্রাভো। এর সাথে প্রায় ৭ হাজার রান আছে তার নামের পাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিশ্চিতভাবে তিনি অন্যতম সফল অলরাউন্ডার। দেশের হয়ে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি, ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আইপিএল, সিপিএল শিরোপা জিতেছেন তিনি।
৪০ বছর বয়সী ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৫ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬৪২৩, উইকেট নিয়েছেন ৩৬৩ টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০, লিস্ট এ ক্রিকেটে ২২৭ ও টি-টোয়েন্টিতে ৫৭৩ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার।
