হকিতে চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:৩৮ পিএম

জুনিয়র এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রইলো। অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বাংলাদেশ এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিঙ্গাপুরে আজ রবিবার বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে চীনকে।

দলের জয়ে মোহাম্মদ হাসান করেন জোড়া গোল, অন্য দুই গোলদাতা আমিরুল ইসলাম ও মোহাম্মদ জয়। জুনিয়র এএইচএফ কাপ মূলত জুনিয়র এশিয়া কাপের বাছাই। বাংলাদেশ বরাবরই এই টুর্নামেন্টে ফাইনাল খেলেই জুনিয়র এশিয়া কাপ নিশ্চিত করে।

পুল 'এ' এর চার ম্যাচের সবগুলোতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছিল বাংলাদেশ। সেমিতেও জেতে সহজেই। তবে চীনের বিপক্ষে কিছুটা পরীক্ষায় পড়তে হয় বাংলাদেশকে। প্রথম কোয়ার্টারে পারেনি গোল করতে। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ২২ ও ২৭তম মিনিটে ফিল্ড গোল করেন হাসান। মাঝে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এরপর ঘুরে দাঁড়ায় চীন। ৩৩ ও ৪১তম মিনিটে দুই গোল শোধ করে জমিয়ে তোলে ম্যাচ। তবে ৫৩ মিনিটে জয়ের ফিল্ড গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

একই দিন নারী বিভাগে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। নারী বিভাগে ৭টি দল হওয়ায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। বাংলাদেশ ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত