চট্টগ্রামে ৮ বছর আগে রাউজান উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার রায়ে চার আসামির ফাঁসি, একজনকে যাবজ্জীবন এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠু চৌধুরী, সুমন চৌধুরী, মো. দেলোয়ার হোসেন ও মো. এরশাদ। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে সুদীপ চৌধুরী প্রকাশ সঞ্জীব চৌধুরী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
সূত্রটি জানায়, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য পরীক্ষা করে আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন আদালত। রায় প্রদানকালে আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে একজন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৩ আসামি পলাতক আছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ জুন রাউজান উপজেলার চিকদাইর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সুলাল চৌধুরী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে ছয়জনকে আসামি করে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত রায় প্রচার শেষে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রবাসীর বাড়ির পাশ থেকে নবজাতক উদ্ধার, এলাকায় চাঞ্চল্য