একটা এলোমেলো পড়ার টেবিল বা বুকশেলফ খুব দ্রুত পড়ার আগ্রহ দূরে ঠেলে দেয়। সেজন্য পড়ার টেবিল, বুকশেলফ ইত্যাদি পরিপাটি করে সাজিয়ে রাখা উচিত। বুকশেলফ সহজে সাজিয়ে রাখার কয়েকটি কৌশল নিয়ে লিখেছেন এনাম-উজ-জামান
শুরু থেকে শুরু করো
সাধারণত অলসতার কারণে আমরা নতুন বইগুলো বুকশেলফে গুঁজে রেখেই কাজ চালিয়ে নিই। কিন্তু এভাবে কয়েকবার করার পরেই বুকশেলফ এলোমেলো হয়ে যায়। দূর থেকেই বোঝা যায় যে, শেলফটি গোছানো নেই। কারণ নতুন বইগুলো স্থান খালি থাকার ভিত্তিতে রাখা হয়েছে। পরিকল্পিতভাবে গোছানো হয়নি। তাই বুকশেলফ গোছানোর জন্য একটা পরিকল্পনা করা ভালো। যেমন, কখন গোছাবে, কোন ধরনের বই কোথায় রাখবে, সব বই বুকশেলফে রাখবে নাকি কিছু বই অন্যত্র সরিয়ে রাখবে ইত্যাদি বিষয় সম্পর্কে একটা পরিকল্পনা করে শেলফ গোছানোর কাজে হাত দিলে কাজটা সুন্দর হবে। তবে খেয়াল রাখতে হবে বুকশেলফ গোছানোর উদ্যোগটা যেন পরিকল্পনাতেই শেষ না হয়ে যায়। অনেক সময় পরিকল্পনা করতে করতে কাজটিই করা হয়ে ওঠে না। দীর্ঘসূত্রতার ফেরে পড়ে পরিকল্পনা পণ্ড হয়। দীর্ঘসূত্রতা থেকে বাঁচতে হলে বিশদ পরিকল্পনা করা বাদ দিতে হবে। মোটামুটি সময় ও সাধারণ কিছু ব্যাপার ঠিক করেই শুরু করে দিতে হবে বুকশেলফ গোছানোর কাজ।
সময়
বুকশেলফ গোছাতে একটু তো সময় লাগেই, বিশেষ করে যদি অনেক দিন পরে গোছানোর কাজটি শুরু করতে হয়। সে ক্ষেত্রে কোনো এক ছুটির দিনে সকালে শুরু করতে পারো। তার আগে খোঁজ নাও সেদিন, সে সময়ে তোমার ওপর কোনো পারিবারিক দায়িত্ব পালন করতে হবে কিনা। না হয়ে থাকলে মা-বাবাকে জানিয়ে দাও যে সেদিন তুমি বই গোছাবে। তাহলে শেষ সময়ে তোমাকে অন্য কাজে ব্যস্ত হতে হবে না আর কাজটিও সমাধা করতে পারবে।
কোন শেলফে কোন বই
বই গোছানোর আগে ঠিক করে নাও কোন শেলফে কোন বই রাখবে। ক্লাসের পড়া তৈরির জন্য সহায়ক বইগুলো এমন শেলফে রাখবে যেন সহজেই হাতে পাও। সেলফের মাঝামাঝি তাকে রাখাই ভালো। তাহলে তোমাকে বই নেওয়ার জন্য বারবার উঠতে বা বসতে হবে না। পাঠ্যবই ছাড়া অন্য বইগুলো ওপরের দিকে বা নিচের দিকে রাখতে পারো। পছন্দ ও শেলফের তাকে সংখ্যা অনুযায়ী গল্প, উপন্যাস, জীবনী, ভ্রমণসাহিত্য, ম্যাগাজিন ইত্যাদি বই আলাদাভাবে রাখতে পারো। ক্লাসের বই রাখার জন্য নির্ধারিত তাকে কাছে হোমওয়ার্ক, ক্লাস প্রজেক্ট ও ব্যবহারিক খাতার জন্য একটি জায়গা রেখ। তাহলে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া সহজ হবে।
কোথায় রাখবে বুকশেলফ
ঘরের ফাঁকা জায়গা সাপেক্ষে নির্ধারণ করতে হবে কোথায় রাখবে বুকশেলফ। তবে সেটি পড়ার টেবিলের কাছাকাছি হওয়া ভালো। তাহলে খুব সহজেই তোমার প্রয়োজনীয় বইটি নিয়ে পড়তে পারবে। বই নিতে বারবার পড়ার টেবিল থেকে উঠতে হলে পড়ায় মনোযোগ রাখা কঠিন হতে পারে।
যুক্ত করো সৌন্দর্যবর্ধক
বুকশেলফে শুধু বই-ই রাখতে হবে এমন কোনো কথা নেই। বুকশেলফটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে যদি ফটোফ্রেম বা দুই-একটি চিত্রকর্মের সহায়তা নাও তাহলে দষের কিছু নেই। তাতে বরং দেখতে ভালোই লাগবে। তোমারও বই পড়তে ও গুছিয়ে রাখছে ভালো লাগবে।
