এস. এম. এম. মুসাব্বির উদ্দিন
শিক্ষার্থী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ
টাইফয়েড একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ, যা মানুষের অস্ত্র এবং রক্তকে আক্রমণ করে। সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় এবং এক ধরনের ব্যাকটেরিয়া Salmonella typhi দ্বারা সৃষ্ট হয়। টাইফয়েড রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ জ্বর, পেটের ব্যথা, মাথাব্যথা, দুর্বলতা এবং কখনো কখনো ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য।
কারণ : ব্যাকটেরিয়া দূষিত পানি এবং খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করে এবং অন্ত্রে গিয়ে বংশবিস্তার করে। এরপর রক্তপ্রবাহে প্রবেশ করে অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রদাহ সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তি থেকে এই রোগ অন্যদের মধ্যে ছড়ায় মূলত ফিকাল-ওরাল রুটের মাধ্যমে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির মল দ্বারা, দূষিত পানি বা খাদ্য গ্রহণের ফলে।
যেসব এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভালো নয়, সেসব এলাকায় টাইফয়েডের প্রকোপ বেশি।
লক্ষণ : টাইফয়েডের লক্ষণগুলো সাধারণত সংক্রমণের ৬-৩০ দিনের মধ্যে প্রকাশ পেতে শুরু করে। শুরুতে সাধারণ জ্বর বা দুর্বলতা অনুভব হলেও, পরে ধীরে ধীরে বৃদ্ধি পায়। কিছু প্রধান লক্ষণ হলো :
উচ্চ জ্বর : টাইফয়েড রোগীদের ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি জ্বর হতে পারে, যা ধীরে ধীরে বাড়তে থাকে।
মাথাব্যথা : জ্বরের সঙ্গে মাথা ব্যথা দেখা দেয়।
পেটের ব্যথা এবং অস্বস্তি : পেটে ক্রমাগত ব্যথা হয় এবং অনেক সময় ডান দিকে বেশি হয়।
ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য : শিশুরা সাধারণত ডায়রিয়ায় ভোগে এবং প্রাপ্তবয়স্করা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়।
অবসাদ এবং দুর্বলতা : দীর্ঘস্থায়ী জ্বর এবং সংক্রমণ রোগীকে দুর্বল করে ফেলে।
র্যাশ : কিছু ক্ষেত্রে রোগীর শরীরে গোলাপি দাগ দেখা যায়।
রোগ নির্ণয় : টাইফয়েড নির্ণয় করার জন্য সাধারণত ব্লাড কালচার, মল পরীক্ষা এবং হাড়ের মজ্জার কালচারের মাধ্যমে Salmonella typhi ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়। টাইফয়েড রোগের সঠিক এবং তাড়াতাড়ি নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেরিতে চিকিৎসা শুরু হলে মারাত্মক আকার ধারণ করতে পারে।
চিকিৎসা : টাইফয়েড গুরুতর রোগ, তবে দ্রুত চিকিৎসা শুরু করা গেলে এটি নিরাময়যোগ্য। টাইফয়েডের চিকিৎসার প্রধান উপায় হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার। কিছু সাধারণ অ্যান্টিবায়োটিক, যেমন সিপ্রোফ্লোক্সাসিন, আজিথ্রোমাইসিন এবং সেফট্রিয়াক্সোন, টাইফয়েড চিকিৎসায় ব্যবহৃত হয়। চিকিৎসা শুরু করার পরও রোগীকে বেশ কয়েক দিন বিশ্রামে থাকতে হয় এবং পুষ্টিকর খাবার খেতে হয়।
কিছু ক্ষেত্রে, টাইফয়েডের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতিরোধশীল হতে পারে। এজন্য সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা আবশ্যক।
প্রতিরোধ : টাইফয়েড প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত স্যানিটেশন এবং নিরাপদ পানি ও খাদ্য গ্রহণের ব্যবস্থা করা।
বিশুদ্ধ পানীয় জল ব্যবহার : দূষিত পানি থেকে টাইফয়েডের সংক্রমণ বেশি ঘটে। সঠিকভাবে বিশুদ্ধ করা পানি পান করতে হবে।
স্যানিটেশন : মলমূত্রের সঠিক নিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব।
কেন ভ্যাকসিন : টাইফয়েড প্রতিরোধের জন্য টিকা গুরুত্বপূর্ণ। টাইফয়েড টিকা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের আগে বা সেসব এলাকায় বসবাসকারী ব্যক্তিদের দেওয়া যেতে পারে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস : রাস্তার পাশে এবং অপরিষ্কারভাবে তৈরি খাবার গ্রহণ করা এড়িয়ে চলা, কারণ এসব খাবারে সংক্রমণের ঝুঁকি থাকে।
হাত ধোয়া : খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে হাত ধোয়ার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা যায়।
টাইফয়েড একটি গুরুতর কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। এর জন্য প্রয়োজন সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করা।
