শিশুর কোষ্ঠকাঠিন্য

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ এএম

ডিসেম্বর হলো কোষ্ঠকাঠিন্য সচেতনতার মাস।   কোষ্ঠকাঠিন্য ছোট-বড় সবারই খুব সাধারণ সমস্যা। বেশিরভাগ শিশুই কমবেশি বিভিন্ন সময়ে কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে। শিশুরা প্রায়ই পেটে ব্যথা অনুভব করে, সেই সঙ্গে খাবার খাওয়াও কমিয়ে দেয়, যা বাবা-মাকে ভাবিয়ে তোলে। দীর্ঘদিন ধরে শিশু পেটে ব্যথা অনুভব করলে বাবা-মা মনে করেন শিশুর খুব খারাপ কোনো রোগ হয়েছে, কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকেও যে শিশুর পেটে ব্যথা হয়। কোষ্ঠকাঠিন্যের কারণ এবং এর প্রতিকার সম্পর্কে আমাদের জানা থাকা দরকার।

কোষ্ঠকাঠিন্য কী : শিশু যদি অতিরিক্ত শক্ত পায়খানা করে বা পায়খানা করতে কষ্ট হয় বা মলদ্বার দিয়ে পায়খানা বের হতে দেরি হয় তাহলে এটিকে কোষ্ঠকাঠিন্য বলে। এ সমস্যা অনেক দিন থাকলে শিশুর মলদ্বারে ঘা হয়ে রক্তপাত হয়ার সম্ভাবনা বেড়ে যায়।

কারণ : নবজাতক শিশুকে যদি কৌটার দুধ খাওয়ানো হয় তাহলে শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগে। একটু বেশি বয়সের শিশু অনেকক্ষণ ধরে পায়খানা আটকিয়ে রাখলে পায়খানা শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য হয়। স্কুলে পড়ুয়া শিশুরা অনেক সময় বাথরুমে যেতে কোনো সমস্যা বোধ করলে পায়খানা আটকে রাখে, ফলে শিশুর কোষ্ঠকাঠিন্য হয়। এ ছাড়া আঁশযুক্ত শাকসবজি কম খেলে, পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য হয়। অনেক সময় জেনেটিকভাবে শিশুর মলদ্বারের মাংসপেশি দুর্বল থাকে, তখন শিশু অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকে। এ ছাড়া শিশুর হরমোনাল সমস্যা যেমন হাইপোথাইরয়ডিজম থাকলে, ডাউন সিন্ড্রোম থাকলে, অতিমাত্রায় ক্যালসিয়াম, ভিটামিন ডি খেলেও শিশুর কোষ্ঠকাঠিন্য হয়।

কোষ্ঠকাঠিন্যে কী কী সমস্যা হয় : কোষ্ঠকাঠিন্য থাকলে শিশুর ঘন ঘন পেটে ব্যথা হয়, শিশুর খাবার রুচি কমে, পেট ফুলে, কান্নাকাটি করে, শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। কোষ্ঠকাঠিন্য হলে শিশুর কৃমির সমস্যা হয়। আনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে শিশুর মলদ্বারে ঘা হয়ে ব্যথা ও রক্তপাত হয়।

করণীয় :  জন্মের পর প্রথম ৬ মাস শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানো। কৌটার দুধ দেওয়া যাবে না। ৬ মাস পর শিশুকে খিচুরির সঙ্গে শাকসবজি খাওয়ানো।  শিশুকে প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার, যেমন- শাকসবজি ও পানি খাওয়াতে হবে।  পাকা কলা, বেল, পেঁপে, ফলের রস খাওয়ানো।  শিশু স্কুলে পায়খানা করতে সমস্যা বোধ করলে কারণ খুঁজে বের করে সমাধান করতে হবে।  ৬ মাস পরপর শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শিশুকে ইসপগুলের ভুসি খাওয়াতে হবে।  অনেক দিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত