ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়ন নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোলায়মানের তুষারের গবেষণামূলক বই ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, এন ইসলাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জাফর আলী খান, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সপাল মিকাইল হোসেন, ব্যবসায়ী রায়হান চৌধুরী, বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার প্রমুখ।
লেখক সোলায়মান তুষার বলেন, বইটিতে ২০২৪ সালের জুলাই -আগস্টে নির্মম গণহত্যা, স্বৈরাচার শেখ হাসিনার জীবনের উত্থান-পতন, গণতন্ত্রের কথিত মানসকন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠা, তার পতন-পলায়ন নিয়ে বিস্তারিত বিবরণ রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বইটি একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। এতে জুলাই- আগস্টের উত্থাল দিনের নানা ঘটনা স্থান পেয়েছে। বইটির অন্যতম দিক হলো ঘটনার সঙ্গে আইনি দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই বই জুলাই বিপ্লবের একটি দলিল হিসেবে কাজ করবে। ভবিষ্যত প্রজন্ম বইটি পড়ে জুলাই বিপ্লবের অগ্নিঝরা দিনগুলোর কথা জানতে পারবে।
প্রসঙ্গত, আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান এমাজনের কিন্ডেল প্রকাশনী থেকে গত বছরের নভেম্বরে বইটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশে ‘গ্রিপার মার্ক পাবলিকেশন’ অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে।
