প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের এইচএসসি পরীক্ষা আসন্ন। আশা করছি খুব গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। পরীক্ষাকে সামনে রেখে নিচের কৌশলগুলো অবলম্বন করলে কাক্সিক্ষত সাফল্য আসবে বলে বিশ্বাস রাখি। আরেকটি বিষয় মনে রাখবে, কঠিন অনুশীলন সহজ জয়। নিয়মিত অনুশীলন, সুস্থ জীবনযাপন এবং ইতিবাচক মনোভাব সাফল্যের চাবিকাঠি।
এনসিটিবি সিলেবাস অনুসরণ
NCTB প্রণীত পাঠ্যক্রমের প্রতিটি অধ্যায়কে গুরুত্ব দিতে হবে। প্রতিটি বিষয়ের মার্কিং স্কিম (যেমন : MCQ, রচনামূলক, ব্যবহারিক) জানতে হবে। বিগত ৫ বছরের প্রশ্নপত্র সমাধান করলে প্রশ্নের ধারা, গুরুত্বপূর্ণ টপিকস এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। যেসব অধ্যায় থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে (যেমন : গণিতে ক্যালকুলাস, জীববিজ্ঞানে জিনতত্ত্ব প্রভৃতি) প্রাধান্য দিয়ে পড়তে হবে।
সুপরিকল্পিত রুটিন তৈরি
সময় বিভাজন : প্রতিদিন ৮-১০ ঘণ্টা পড়ার সময় নির্ধারণ করে রুটিন তৈরি করে নাও। প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে রুটিন তৈরি করো (যেমন : সকালে গণিত, বিকেলে রসায়ন)।
লক্ষ্য নির্ধারণ : দৈনিক ও সাপ্তাহিক টার্গেট সেট করো (যেমন : দিনে ২ অধ্যায় শেষ করা)। যে বিষয়গুলোতে দুর্বলতা আছে সেগুলোতে অতিরিক্ত সময় বরাদ্দ রাখতে রাখো। ব্যবহারিক অংশের জন্য ডায়াগ্রাম ও ল্যাব রিপোর্টে মনোযোগী হতে হবে। রচনামূলক প্রশ্নের উত্তরে উদাহরণ ও উদ্ধৃতি যোগ করতে পারলে ভালো নম্বর পাওয়া সহজ হবে। হিসাববিজ্ঞানের সমস্যা বারবার অনুশীলন করতে হবে।
সক্রিয় শেখার কৌশল প্রয়োগ
নোট তৈরি ও সংশ্লেষণ : প্রতিটি অধ্যায়ের মূল ধারণাগুলো সংক্ষিপ্ত নোট আকারে রাখা প্রয়োজন। ফ্ল্যাশকার্ড বা মাইন্ড ম্যাপ ব্যবহার করে জটিল টপিকস মনে রাখা যায়। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করো (যেমন : গণিতের সূত্র প্রয়োগ)। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ল্যাব এক্সপেরিমেন্ট ও ডায়াগ্রাম আঁকার অভ্যাস করো। বইয়ের প্রতিটি উদাহরণ ও অনুশীলনী সমাধান করার চেষ্টা করবে। গাইড বইয়ের পরিবর্তে মূল বইয়ে ফোকাস করতে হবে। Khan Academy, YouTube-এর শিক্ষামূলক ভিডিও (যেমন : 10 Minute School) দেখতে পারো। অনলাইন মক টেস্ট দিয়ে প্রস্তুতি নাও। নিয়মিত শিক্ষকদের সঙ্গে সংশয় দূর করে ফিডব্যাক দিতে চেষ্টা করো।
মক টেস্ট ও রিভিশন কৌশল : সপ্তাহে অন্তত একটি মক টেস্ট দাও। ৩ ঘণ্টার পরীক্ষার সময় ২ ঘণ্টা ৪৫ মিনিটে শেষ করার চেষ্টা করো। মক টেস্টের ভুলগুলো নোট করে সেগুলো সংশোধনের জন্য অতিরিক্ত অনুশীলন করতে হবে। পড়া টপিকস নিয়মিত রিভিশন দিতে হবে।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন
রাত জেগে পড়া এড়িয়ে ৭-৮ ঘণ্টা ঘুমানো দরকার। পড়ার মধ্যে ৫-১০ মিনিটের ব্রেক নিতে পারলে দীর্ঘক্ষণ পড়তে পারবে। প্রোটিন, শাকসবজি ও ফলমূল খাওয়ার পাশাপাশি জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চা/কফি এড়িয়ে চলতে
হবে। মেডিটেশন, যোগব্যায়াম বা হাল্কা ব্যায়াম করো। পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বললে মনের চাপ কমবে।
পরীক্ষার দিনের প্রস্তুতি
প্রশ্নপত্র পাওয়ার পর ৫-৭ মিনিটে সম্পূর্ণ প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে। সহজ প্রশ্নগুলো আগে সমাধান করবে। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল প্রভৃতি আগের দিন গুছিয়ে রাখতে হবে। প্রশ্নপত্র পরিষ্কার ও উত্তর যথাযথ যেন হয় সেদিকে খেয়াল রাখবে। যে প্রশ্নের উত্তর ভালো জানা আছে সেগুলো প্রথমে লিখবে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
