বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ৯টা ৪৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পারায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় আজ শুক্রবার ভোর ৪টা ১৬ মিনিটে ফ্লাইটটি পুনরায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ভোর ৫টা ৩১ মিনিটে ফ্লাইটটি দুবাই'র উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
