গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত রাজপথে থাকব: মোস্তাফিজুর রহমান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৩ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান।

আজ শুক্রবার বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম, এখনও আছি। যতদিন না গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ততদিন বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব। আন্দোলন চলবে। যতদিন না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

তিনি আরও বলেন, আমার নেতাকর্মীদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তারা কোনও অনৈতিক কাজের সঙ্গে জড়িত নেই। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষকে যেন মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হয়।

এর আগে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার কালাবিবি দিঘির মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,সাবেক সদস্য নুরুল ইসলাম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম ইমতিয়াজ করিম পিন্টু,যুবদল নেতা জিয়াউর রহমান, আলমগীর খান,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি শেখ আবদুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত