গত রোববার রাতে এক অনাকাঙ্ক্ষিত সফরে বার্সেলোনায় গিয়েছিলেন লিওনেল মেসি। এরপর তিনি বলেছিলেন, 'আমি আশা করি, একদিন আমি আবার ফিরব—শুধু বিদায় জানাতে নয়, কারণ খেলোয়াড় হিসেবে আমি কখনোই সেই বিদায় জানাতে পারিনি।'
তার এ কথায় মেসির বার্সাভক্তরা ভাবতে শুরু করেছেন, যে মেসি হয়তো প্রিয় ক্লাবে খেলার জন্য ফেরার কথা বলেছেন। তবে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তার দায়িত্বকালীন সময়ে লিওনেল মেসির বার্সেলোনায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।
মেসি সেদিন কাউকে কিছু না জানিয়েই বার্সেলোনায় গিয়েছিলেন। ক্লাবের পক্ষ থেকে মেসির আগমন নিয়ে কেউ কিছু জানতো না। সেই সময় লাপোর্তা ছিলেন সেল্তা ভিগোর বিপক্ষে দলের ম্যাচ দেখতে। ফলে মেসির কাম্প ন্যু সফরে লাপোর্তা অনুপস্থিত ছিলেন। অনেকেই বিষয়টিকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করেন, কারণ মেসি ও তার পরিবার এখনো লাপোর্তাকেই দায়ী করেন ২০২১ সালে তার বিদায়ের জন্য।
কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, “আমি জানতাম না সে আসছে। কিন্তু স্পটিফাই কাম্প ন্যু তো তারই ঘর। পরে শুনেছি, সে হঠাৎ ডিনারের পর কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছিল। এটি ছিল একদম স্বতঃস্ফূর্ত, দারুণ একটি সিদ্ধান্ত।'
লাপোর্তা জানান, বার্সেলোনা ক্লাব মেসিকে বিদায় জানাতে একটি টেস্টিমোনিয়াল ম্যাচ আয়োজন করতে চায়—যেখানে তিনি নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকে শেষবারের মতো সম্মান গ্রহণ করতে পারবেন, 'এটা একেবারে প্রাপ্য যে লিও পৃথিবীর সবচেয়ে সুন্দর শ্রদ্ধাবোধের অনুষ্ঠানটি পান। নতুন করে সংস্কারকৃত কাম্প ন্যুয়ে ১,০৫,০০০ দর্শক ধারণক্ষমতা থাকবে। আমরা চাই, সেই স্টেডিয়াম পুনরায় উদ্বোধনের সময় মেসি থাকুক আমাদের সঙ্গে,” বলেন লাপোর্তা।
লাপোর্তা আবারও পুনর্ব্যক্ত করেন, মেসির সঙ্গে সম্পর্ক ভালো হলেও খেলোয়াড় হিসেবে তার ফেরার কোনো সুযোগ নেই। 'যেভাবে সবকিছু হয়েছিল, তা হয়তো আমাদের প্রত্যাশামতো হয়নি। তবে অতীতের সেই অধ্যায় শেষ। এখন কোনোভাবেই তার খেলোয়াড় হিসেবে ফেরার বিষয়টি বাস্তবসম্মত নয়,' বলেন বার্সা প্রেসিডেন্ট।
তিনি আরও যোগ করেন,'যদি কোনো শ্রদ্ধা অনুষ্ঠান অতীতের অসম্পূর্ণতাকে কিছুটা হলেও পূরণ করতে পারে, তাহলে আমরা খুশি হব। তবে খেলোয়াড় হিসেবে তার ফিরে আসা নিয়ে আলোচনা করা ঠিক নয়।'
টেস্টে বাংলাদেশের এক শান্তির দিন, স্কোরবোর্ডে ১ উইকেটে ৩৩৮ রান 