আমদানি ও রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত বুধবার গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করে সিআইডি।
মামলার আসামিরা হলেন, আলিফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম, পরিচালক রফিকুল ইসলাম, স্বাধীন পরিচালক তানিম নোমান সাত্তার ও আজহারুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলিফ ইন্ডাস্ট্রিজ বৈদেশিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন করে প্রায় ২৮ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৮১৪ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে তারা পরস্পর যোগসাজশে আমদানি ও রপ্তানির আড়ালে একটি ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে ছয়টি এলসির বিপরীতে ৫৬টি ইএক্সপি গ্রহণ করেন। এর মাধ্যমে রেডিমেড গার্মেন্টসপণ্য রপ্তানি করা হলেও নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত রপ্তানিমূল্য দেশে প্রত্যাবাসন করা হয়নি। এ ছাড়া আমদানির ক্ষেত্রে বৈধ ঘোষণা দিলেও প্রকৃতপক্ষে ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম অথবা ভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে সিআইডি।
ঘটনার সত্যতা যাচাইয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও কারখানার নথিপত্র, আমদানিসংক্রান্ত কাগজপত্র, এলসি ডকুমেন্ট, ব্যাংক হিসাবের বিবরণীসহ বিভিন্ন আর্থিক তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
