সারাদেশে 'ফ্যামিলি কার্ড' সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম

বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ সারাদেশে পর্যায়ক্রমে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ধাপে ধাপে দেশের সব অঞ্চলে কর্মসূচি সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো যোগ্য পরিবার যেন এ কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য উপকারভোগী নির্বাচনে নিরপেক্ষতা, তথ্যের নির্ভুলতা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত