যশোর শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে শহরের চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত সড়কের উভয় পাশে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাসে যশোর শহর যানজটমুক্ত ও চলাচল নির্বিঘ্ন রাখতে পৌরসভা কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দফায় শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও সাইনবোর্ড অপসারণ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন। বেলা দুইটা পর্যন্ত প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় দফায় দড়াটানা হয়ে মুজিব সড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে ফুটপাত দখল কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।