ওয়াকার+ওয়াসিম=জাসপ্রিত বুমরা, বলেন পাকিস্তান কিংবদন্তী

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দাপুটে জয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার জহির আব্বাস। বিশেষ করে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরা এবং টপ অর্ডার ব্যাটার সঞ্জু স্যামসনের পারফরম্যান্স তাকে বিশেষভাবে বিমোহিত করেছে। এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় দলের এই সাফল্যকে ‘টপ ক্লাস’ বলে অভিহিত করেছেন।

১৯৬৯ থেকে ১৯৮৫ পাকিস্তানের হয়ে ৭৮ টেস্ট এবং ৬২ ওয়ানডে খেলা কিংবদন্তীর ক্রিকেটার জাসপ্রিত বুমরার প্রশংসা করতে গিয়ে তাকে পাকিস্তানের দুই কিংবদন্তি পেসারের সাথে তুলনা করেছেন। “জাসপ্রিত বুমরাহ হলেন ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরামের এক অনবদ্য সংমিশ্রণ। এতে কোনো সন্দেহ নেই যে, ভারত এ পর্যন্ত যত বোলার তৈরি করেছে, সে তাদের মধ্যে অন্যতম সেরা। তার ইয়র্কার, গতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বল সুইং করানোর ক্ষমতা অসাধারণ। একক নৈপুণ্যে এই বিশ্বকাপ ভারতকে জিতিয়ে দিয়েছে সে।”

টপ অর্ডারে সঞ্জু স্যামসনের ধারাবাহিকতার প্রশংসা করে ৭৮ বছর বয়সী এই সাবেক তারকা বলেন, “সঞ্জু স্যামসন টপ অর্ডারে অবিশ্বাস্য খেলেছে। তিন ম্যাচে তিনটি আশি-ঊর্ধ্ব ইনিংস খেলা সত্যিই অসাধারণ একটি কৃতিত্ব।”

ভারত এবার নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল। এ বিষয়ে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ খ্যাত আব্বাস বলেন, “ভারত চ্যাম্পিয়নের মতোই খেলেছে। এই টুর্নামেন্ট জেতার দাবিদার ছিল তারাই এবং তারা সেটা করেও দেখিয়েছে। তারা এই শিরোপা পুরোপুরি প্রাপ্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত