কৃষক দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি: শাহজাহান চৌধুরী

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। এ সমস্যার সমাধান করতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে। যেখান থেকে কৃষকরা  তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারবেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে 'কৃষকের বাজার'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ায় চালু হয়েছে এ ‘কৃষকের বাজার’।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই ‘কৃষকের বাজার’র মূল লক্ষ্য। স্থানীয় কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমছে এবং ক্রেতারাও সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য পাচ্ছেন। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ বাজার চালু করা হয়েছে। পরে কৃষকদের সুবিধা অনুযায়ী উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এটি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত