কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়তে পাঠাগার প্রয়োজন: শাহজাহান চৌধুরী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সমাজকে সুসংগঠিত ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে পারলেই একটি শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব। আর সেই সমাজ গঠনে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে দুপুর ২টায় ইকরা ইসলামী পাঠাগারের নতুন কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, আদর্শ পরিবার গঠন এবং কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি পাঠাগার কেবল বই পড়ার জায়গা নয়, এটি তরুণদের নৈতিকতা, জ্ঞান ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি মাস্টার নেজামুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাস্টার একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে শিক্ষার বিকল্প নেই। ইকরা ইসলামী পাঠাগার এ লক্ষ্যে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য খাল ভাঙন এলাকা ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। পাশাপাশি কবরস্থানের দেয়াল নির্মাণ এবং শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের সদস্য ও এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত