পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে ঈশ্বরদী থানার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে ছাত্রদল নেতা সোহাগ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, নাজমুল হাসান রিশাদ ও মাহ্মুদুল ইসলাম শাওন প্রমুখ। প্রায় ঘণ্টাব্যাপী থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ও ওসি (তদন্ত) জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ থানা ফটকের সামনে এসে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ইমরান হোসেন সোহাগকে গুলি করে ও এলোপাথারী কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমরান হোসেন সোহাগ ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর গ্রামের মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদী শাখার অন্যতম সমন্বয়ক ছিলেন।