পাবনার ঈশ্বরদীতে স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রেহেনা বেগম (৬৫) নামের এক মহিলা করেছেন। নিহত রেহেনা বেগম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের শামরুল ইসলামে স্ত্রী।
রবিবার (৫ এপ্রিল) সকালে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
জানা গেছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে পাটিকাবাাড়ি রেলগেটের সামনে রাজশাহী থেকে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে স্থানীয়রা রেললাইনের মাঝে বোরকা পরা এক মহিলাকে বসে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বাড়ি পাশেই, স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, নিহত নারীর ছেলে রকিব হোসেন তাদের জানিয়েছেন- পারিবারিক কলহের জের ধরে তার মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি আরও জানান, মরদেহটি সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
