মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ২ 

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার সিরাজদীখান উপজলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রাম থেকে সমন্বয়ক ইয়ামিন শেখ (২৭) ও মো. হোসেন শেখকে (২৭) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ইয়ামিন ওই উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে ও হোসেন একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে। 

এদিকে, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।  

জেলার সিরাজদীখান উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ইয়ামিন শেখ ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় জড়িত ছিল বলে জানা যায়। তবে বর্তমানে সে কোনো পদে আছে কিনা তা নিশ্চিত নই।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পূর্ব রাজদিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এ সময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে যুবক ইয়ামিন পুলিশের ওই অভিযানে বাধা প্রদান করেন। একই সঙ্গে লোকজন জড়ো করে বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করেন। এ অবস্থায় পুলিশ ইয়ামিন ও হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

ওসি আরো জানান, এ ঘটনায় আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত