পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সর্বস্ব হারানো তিন জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘ডু ফর সামথিং’ প্রায় এক মাসের প্রচেষ্টার পর শনিবার (১১এপ্রিল) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নতুন একটি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও মেশিন হস্তান্তর করা হয়েছে।জানা যায় গত ১১মার্চ তারাবির নামাজের সময় কুয়াকাটার ঝাউবন এলাকায় মুহিব্বুল্লাহ মাঝি ও তার সঙ্গে থাকা আরও দুই জেলের নৌকায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নৌকা, জাল ও ইঞ্জিনসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। হঠাৎ করেই একমাত্র জীবিকার উৎস হারিয়ে তিনটি পরিবার মানবেতর জীবন যাপন করছিলেন।
‘ডু ফর সামথিং’ সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমরা খবরটি জানার পরই এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতায় আমরা নতুন নৌকা, জাল ও মেশিন তুলে দিতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সংগঠনের আরেক সদস্য জানান, এই এলাকায় আমরা আগে থেকেই গৃহনির্মাণ, সেলাই মেশিন বিতরণ, শূন্য দোকানে মালামাল দেওয়া, কুয়াকাটার অরকা পল্লীর ১৪০ পরিবারের মাঝে ঈদ বাজার ও শিক্ষা সহায়তাসহ নানা কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত জেলে মুহিব্বুল্লাহ মাঝি বলেন, আগুনে সব পুড়ে যাওয়ার পর আমরা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। কীভাবে সংসার চালাবো বুঝতে পারছিলাম না। আজ নতুন নৌকা পেয়ে আবার বাঁচার আশা ফিরে পেলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।আরেক জেলে জানান, এই নৌকাই আমাদের জীবন। এটা ছাড়া আমাদের কিছুই নেই। সংগঠনটি আমাদের নতুন জীবন দিয়েছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’র (উপরা) আহ্বায়ক কেএম বাচ্চু বলেন এটি একটি অনুকরণীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ও সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যাবে। সংগঠনের আরেক সদস্য বলেন, এই পরিবারগুলোর কষ্ট খুব কাছ থেকে দেখেছি। তাই সবাই মিলে চেষ্টা করেছি তাদের আবার দাঁড় করাতে। আজ তাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে।
কুয়াকাটা পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়ালেই এমন পরিবর্তন সম্ভব। এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত আবারও প্রমাণ করেছে সমাজের মানুষ একসঙ্গে এগিয়ে এলে যে কোনো বিপর্যয় কাটিয়ে নতুন করে জীবন শুরু করা যায়।
