চট্টগ্রামের আদালত পাড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছেন। মানববন্ধনের একটি ভিডিও ফেসবুকে আজ বুধবার ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে এ মানববন্ধনের ভিডিও শেয়ার করেছেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি এখন নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে এই মানববন্ধন হয়েছে বলে সংবাদমাধ্যমকে তিনি জানান।
মানববন্ধনের একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘ঘটনাটি আজকের কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।’
পুলিশ জানায়, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতাকর্মীরা। তবে এটি কখনকার, তা নিশ্চিত নয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি–ভিডিওতে দেখা যায়, ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগে এ মানববন্ধন করেন নেতাকর্মীরা। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানির নাম লেখা ছিল।
